প্রিন্ট এর তারিখঃ Nov 18, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 18, 2026 ইং
কর্ণফুলীতে দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত

কর্ণফুলী (চট্টগ্রাম) সংবাদদাতা
দুর্যোগকালীন জরুরি পরিস্থিতি মোকাবিলায় দ্রুত ও কার্যকর সাড়াদান এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় জোরদার করতে চট্টগ্রামের কর্ণফুলীতে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) কর্ণফুলী উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
কর্ণফুলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ঢাকা কার্যালয়ের উপপরিচালক (প্রশাসন-১) ও উপসচিব তাসনূভা নাশতারান।
প্রশিক্ষণে দুর্যোগকালীন জরুরি সাড়াদান পদ্ধতি, সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে কার্যকর সমন্বয়, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়। পাশাপাশি দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পূর্বপ্রস্তুতি, দায়িত্বশীল ভূমিকা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জেবুন্নেছা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন কান্তি দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. আরিফুল হক, উপজেলা প্রকৌশলী সাইদুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা নিখিলেশ চাকমা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম ও যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাহান।
এ ছাড়া সাইক্লোন প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) কর্মকর্তা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী এবং সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ প্রশিক্ষণে অংশ নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক চট্টগ্রামপোস্ট